চালডালে ক্রেডিট কার্ড জালিয়াতি : গ্রেফতার ৪

৯ জুলাই, ২০২০ ১৫:০১  
ক্রেডিট কার্ড জালিয়াতি করে ‘চালডাল ডটকম’ থেকে পণ্য কেনাকাটা করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা হলেন- মো. রেহানুর হাসান রাশেদ (২০), মো. নিজাম উদ্দিন (২২), আনোয়ার পারভেজ (২২) ও আল আমিন (২২)। এদের কাছ থেকে দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন, ১৬টি ব্যাংক কার্ড এবং এক লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। এরপর বানানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির (সাইবার পুলিশ) ডিআইজি শাহ আলম। ‘চালডাল ডটকম’ এর অভিযোগের সূত্র ধরে জালিয়াতির এ ঘটনা উদঘাটন করে সিআইডির সাইবার পুলিশ। চরাজনের এই চক্রটি নিয়মিত অন্য ব্যক্তির মালিকানাধীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘চালডাল ডটকম’ থেকে অনলাইনে কেনাকাটা করেছে বলে তদন্তে নিশ্চিত হয়েছেন তদন্ত কর্মকর্তারা। তারা জানতে পেরেছেন, ক্রেডিট কার্ড থেকে নিয়মিত অনলাইনে লেনদেন হলেও কার্ডের প্রকৃত মালিক বিষয়টি জানতে পারেননি। এই চক্র আড়ং ও অন্যান্য অনলাইন শপেও একইভাবে কার্ড জালিয়াতি করে কেনাকাটা করেছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে। সিআইডি জানিয়েছে, কার্ড মালিকদের পিন নম্বরসহ গোপন তথ্য চুরি করে তারা এই জালিয়াতি করা হয়েছে। এদের মধ্যে তিনজন ক্রেডিট কার্ডের তথ্য চুরির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অন্যজন পণ্য গ্রহণের কাজটি করত।